জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার ২২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস।
সভা শেষে পরিকল্পনা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুমোদিত ২২টি প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৪৬ হাজার ৪১৯ কোটি ৬৬ লাখ টাকা।
প্রকল্পগুলোর ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন থেকে আসবে ৩০ হাজার ৪৮২ কোটি ৪৯ লাখ টাকা। এছাড়া প্রকল্প ঋণ হিসেবে বরাদ্দ রাখা হয়েছে ১ হাজার ৬৮৯ কোটি ৬১ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন ধরা হয়েছে ১৪ হাজার ২৪৭ কোটি ৫৬ লাখ টাকা।
পরিকল্পনা মন্ত্রণালয় জানায়, এটি চলতি ২০২৫-২৬ অর্থবছরের সপ্তম একনেক সভা। একই সঙ্গে এটি অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত ১৮তম একনেক সভা।