সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে স্থায়ীভাবে সরিয়ে দেওয়া হয়েছে আলোচিত কনটেন্ট নির্মাতা ও সামাজিক অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেনকে। মেটা প্ল্যাটফর্মস ইনক. তার পরিচালিত দুটি জনপ্রিয় ফেসবুক পেজ মুছে দিয়েছে বলে জানা গেছে।
মুছে ফেলা পেজগুলোর মধ্যে একটি পেজে প্রায় ২৪ লাখ এবং অন্যটিতে প্রায় ৮ লাখ ফলোয়ার ছিল। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসরত প্রবাসী ইলিয়াস হোসেন দীর্ঘদিন ধরে নিজেকে ভারতবিরোধী ও আওয়ামী লীগবিরোধী হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার কনটেন্ট ব্যাপক জনপ্রিয়তা পেলেও সময়ের সঙ্গে সঙ্গে সেই জনপ্রিয়তাই তার জন্য নেতিবাচক হয়ে ওঠে।
অভিযোগ রয়েছে, দেশের মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে বিভিন্ন সময় তিনি অবমাননাকর ও কটূক্তিমূলক মন্তব্য করেছেন। মতের অমিল হলে বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে হুমকি-ধামকি দেওয়া এবং তথ্য সন্ত্রাসের মাধ্যমে চাপ সৃষ্টি করার অভিযোগও উঠে এসেছে তার বিরুদ্ধে।
এসব কর্মকাণ্ড ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড ও ভায়োলেন্স নীতিমালার পরিপন্থী হওয়ায় মেটা প্ল্যাটফর্মস ইনক. তার বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে। ফলে ইলিয়াস হোসেন চাইলেও আর ফেসবুক প্ল্যাটফর্মে ফিরে আসতে পারবেন না বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।