আগুনে ছাই প্রথম আলোর ২৩ হাজার বই, ক্ষতি প্রায় ৯০ লাখ টাকা

  • আপডেটের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

প্রথম আলো ভবনে দেওয়া আগুনে ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে প্রথমা প্রকাশনের বইয়ের দোকান ও অনলাইন স্টোর ‘প্রথমা ডটকম’-এর বিপুলসংখ্যক বই। বৃহস্পতিবার রাতের এই অগ্নিকাণ্ডে মোট ২২ হাজার ৯৯৩ কপি বই ক্ষতিগ্রস্ত হয়েছে, যার বাজারমূল্য ৯০ লাখ ৬০ হাজার ৪৯৩ টাকা বলে জানিয়েছে প্রকাশনা কর্তৃপক্ষ।

প্রথমা প্রকাশন সূত্রে জানা গেছে, আগুনে প্রথমা বইয়ের দোকানের ৭ হাজার ৬৩৯ কপি বই সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এসব বইয়ের আর্থিক মূল্য ৩৫ লাখ ১৯ হাজার ৯২৬ টাকা। এ ছাড়া দোকানে থাকা ১ হাজার ৫০০ কপি ম্যাগাজিনও নষ্ট হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকা।

দোকানের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে অনলাইন স্টোর ‘প্রথমা ডটকম’-এর মজুদ। সেখানে সংরক্ষিত ১৫ হাজার ৩৫৪ কপি বই আগুনে পুড়ে যায়, যার বাজারমূল্য ৫৫ লাখ ৪০ হাজার ৫৬৭ টাকা।

সব মিলিয়ে আগুনে ক্ষতিগ্রস্ত বইয়ের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৯৯৩ কপিতে। বইগুলোর মধ্যে মুক্তিযুদ্ধ, চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থান, ইতিহাস, অর্থনীতি, গল্প-উপন্যাস, দেশি-বিদেশি সাহিত্য ও ম্যাগাজিনের পাশাপাশি বিপুলসংখ্যক ধর্মীয় বইও ছিল। পবিত্র কোরআন শরীফের সরল বঙ্গানুবাদ, সিরাত ও হাদিসের গ্রন্থগুলোও আগুনের হাত থেকে রক্ষা পায়নি।

অগ্নিকাণ্ডে বইয়ের পাশাপাশি দোকানের বিক্রয়কর্মীর ব্যক্তিগত সম্পদও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিক্রয়কর্মীর ব্যক্তিগত অর্থ এবং বিক্রয় বা ক্যাশ বাক্সে থাকা প্রায় ১০ থেকে ১২ হাজার টাকা পাওয়া যায়নি।

প্রথমা প্রকাশনের উপ-ব্যবস্থাপক কাউছার আহম্মেদ বলেন, ‘দোকানের বিল, ভাউচার কিংবা কোনো ধরনের নথিপত্র উদ্ধার করা সম্ভব হয়নি। ধ্বংসস্তূপ থেকে কিছু ছেঁড়া, আধপোড়া ও ভেজা বই পাওয়া গেছে, তবে সেগুলো বিক্রয়যোগ্য নয়।’

এ ধরনের হামলা ও অগ্নিকাণ্ডে গভীর ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন লেখক ও পাঠকেরা। লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদ বলেন, ‘এতে লেখক, প্রকাশক ও পাঠকের ক্ষতি হলো। আর যারা বই পুড়িয়েছে, তারা তো বই পড়েই না—তাই তাদের কিছু যায় আসে না।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com