রাজনৈতিক দল নিষিদ্ধে উদ্বেগ, বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আহ্বান

  • আপডেটের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রতি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের কয়েকজন প্রভাবশালী সদস্য। একই সঙ্গে আসন্ন নির্বাচনের আগে একটি রাজনৈতিক দলের কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তারা।

হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির র‌্যাংকিং মেম্বার প্রতিনিধি গ্রেগরি ডব্লিউ. মিকস এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সাবকমিটির চেয়ারম্যান বিল হুইজেঙ্গা ও র‌্যাংকিং মেম্বার সিডনি কামলেগার-ডোভ বুধবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে এ বিষয়ে একটি চিঠি পাঠান। চিঠিতে সহস্বাক্ষর করেন কংগ্রেস সদস্য জুলি জনসন ও টম সুয়োজি।

চিঠিতে কংগ্রেস সদস্যরা বলেন, জাতীয় সংকটের এই সময়ে আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করাকে তারা স্বাগত জানান। তারা উল্লেখ করেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এবং ব্যালটের মাধ্যমে শান্তিপূর্ণভাবে জনগণের মতামত প্রতিফলনের পরিবেশ তৈরির জন্য রাজনৈতিক মতাদর্শের সব পক্ষের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

চিঠিতে আরও বলা হয়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা পুনঃপ্রতিষ্ঠায় প্রয়োজনীয় সংস্কার গ্রহণ অপরিহার্য। তবে একই সঙ্গে তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, রাজনৈতিক দলগুলোর কার্যক্রম স্থগিত করা বা ত্রুটিপূর্ণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনরায় চালু করার মতো পদক্ষেপ এসব লক্ষ্য অর্জনে বাধা সৃষ্টি করতে পারে।

মার্কিন কংগ্রেস সদস্যরা সংগঠনের স্বাধীনতা এবং সম্মিলিত দায়ের পরিবর্তে ব্যক্তিগত ফৌজদারি দায়বদ্ধতার নীতিকে মৌলিক মানবাধিকার হিসেবে উল্লেখ করেন। তাদের মতে, যেসব ব্যক্তি অপরাধ বা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত বলে আইনের যথাযথ প্রক্রিয়ায় প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াই গ্রহণযোগ্য পথ। কোনো একটি রাজনৈতিক দলের সব কার্যক্রম সম্পূর্ণভাবে স্থগিত করার সিদ্ধান্ত এই মৌলিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও তারা মত দেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com