জাতীয় পার্টি (জাপা) ও জাতীয় পার্টি–জেপির নেতৃত্বে গঠিত নতুন রাজনৈতিক জোট ‘জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট’ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১১৯টি আসনে মোট ১৩১ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। কয়েকটি আসনে একাধিক প্রার্থী দেওয়ায় ঘোষিত প্রার্থীর সংখ্যা আসনের চেয়ে বেশি হয়েছে।
মঙ্গলবার রাজধানীর বনানীর হোটেল শেরাটনের বলরুমে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন। সম্মেলনে নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
সাংবাদিক সম্মেলনে বক্তব্য দেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, জাতীয় পার্টির মহাসচিব ও ফ্রন্টের মুখপাত্র এবিএম রুহুল আমিন হাওলাদার, জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ এবং জোটের প্রধান সমন্বয়ক গোলাম সারোয়ার মিলন।
ঘোষিত প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন— জাতীয় পার্টি ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ (চট্টগ্রাম–৫), জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু (পিরোজপুর–২), জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার (পটুয়াখালী–১), জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ (ঢাকা–১০) এবং জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু (কিশোরগঞ্জ–৩)।
এ ছাড়া মাদারীপুর–৩ আসনে জেপির মহাসচিব শেখ শহিদুল ইসলাম, মানিকগঞ্জ–২ আসনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রধান সমন্বয়ক গোলাম সারোয়ার মিলন, ফরিদপুর–২ আসনে সাবেক সংসদ সদস্য শাহ মোহাম্মদ আবু জাফর, বরিশাল–৬ আসনে নাসরিন জাহান রতনা, ঢাকা–১৩ আসনে শফিকুল ইসলাম সেন্টু, নারায়ণগঞ্জ–৩ আসনে লিয়াকত হোসেন খোকা, টাঙ্গাইল–৭ আসনে জহিরুল ইসলাম জহির এবং জামালপুর–২ আসনে মোস্তফা আল মাহমুদের নাম ঘোষণা করা হয়।
ফ্রন্টের প্রার্থী তালিকায় আরও রয়েছেন— সাতক্ষীরা–১ আসনে সৈয়দ দিদার বখত, ময়মনসিংহ–৮ আসনে ফকরুল ইমাম, ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে জিয়াউল হক মৃধা, নোয়াখালী–১ আসনে জাতীয় ইসলামী জোটের চেয়ারম্যান আবু নাসের অহেদ ফারুক, ঢাকা–১৭ আসনে প্রয়াত জহির রায়হানের ছেলে তপু রায়হান ও তৃণমূল বিএনপির মেজর (অব.) ডা. শেখ হাবিবুর রহমান এবং শেরপুর–১ আসনে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের চেয়ারম্যান আবু লায়েস মুন্না।
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের ব্যানারে ঘোষিত জাতীয় পার্টির অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছেন একাধিক সাবেক সংসদ সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান, পেশাজীবী ও রাজনৈতিক নেতারা। তালিকায় কুমিল্লা, বগুড়া, সিলেট, নীলফামারী, কুড়িগ্রাম, ফেনী, চট্টগ্রাম, টাঙ্গাইল, জামালপুর, রাজশাহী, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, যশোর, মাগুরা, বাগেরহাট, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, ঝালকাঠি, শরীয়তপুর, নোয়াখালী, কক্সবাজার ও ঢাকাসহ দেশের বিভিন্ন আসনের প্রার্থীদের নাম অন্তর্ভুক্ত রয়েছে।
জোটের পক্ষ থেকে জানানো হয়, যেসব আসনে একাধিক প্রার্থী ঘোষণা করা হয়েছে, সেগুলো হলো— ঢাকা–১০, বরিশাল–৬, ঢাকা–১৭, চট্টগ্রাম–৯, শেরপুর–১, শরীয়তপুর–১, ঢাকা–১৮, বরগুনা–১, বরিশাল–৪, ঝালকাঠি–২ এবং টাঙ্গাইল–৮।
নেতারা আশা প্রকাশ করেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট দেশের গণতান্ত্রিক রাজনীতিতে একটি কার্যকর বিকল্প শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে এবং নির্বাচনে উল্লেখযোগ্য ফল অর্জন করবে।