বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
বুধবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তিনি জানান, তারেক রহমান আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে সকাল ১১টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। বিমানবন্দরে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাকে অভ্যর্থনা জানাবেন। সেখান থেকে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, দেশে প্রত্যাবর্তনের পরদিন শুক্রবার জুমার নামাজের পর তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন। একই দিনে তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধেও শ্রদ্ধা জানাবেন।
কর্মসূচির শেষ দিনে শনিবার তারেক রহমান নির্বাচন কমিশনে গিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করবেন। এরপর তিনি শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন এবং জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের খোঁজখবর নিতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) পরিদর্শন করবেন।