৫০ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে আলোচিত ‘জুলাইযোদ্ধা’ সুরভী গ্রেপ্তার

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য ও প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ ডিসেম্বর) গভীর রাতে গাজীপুরের টঙ্গীতে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি গুলশানের এক ব্যবসায়ীর কাছ থেকে জুলাই আন্দোলন–সংক্রান্ত মামলায় জড়ানোর ভয় দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা আদায় করে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। এই চক্রের নেতৃত্বে ছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া তাহরিমা জান্নাত সুরভী।

তদন্তে পুলিশ জানতে পেরেছে, চক্রটি দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেইলিং, চাঁদাবাজি ও মামলা বাণিজ্যের মাধ্যমে বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে প্রায় ৫০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। মামলার অভিযোগে বলা হয়, গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় সংঘটিত হত্যা মামলায় নাম জড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে ধাপে ধাপে অর্থ আদায় করা হয়। আসামি বানানো, পুলিশি হয়রানি ও গ্রেপ্তারের ভয় দেখিয়ে ‘মীমাংসা’ করে দেওয়ার নামে বিপুল অঙ্কের টাকা দাবি করত চক্রটি।

প্রতারণার মূল অভিযুক্ত তাহরিমা জান্নাত সুরভী গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিও, বিতর্কিত কর্মকাণ্ড এবং নির্দিষ্ট লক্ষ্যকে কেন্দ্র করে লাইভ সম্প্রচারের মাধ্যমে তিনি পরিচিতি লাভ করেন।

অভিযোগ রয়েছে, নিজের ভাইরাল পরিচিতি ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রভাব ব্যবহার করে তিনি বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেন। পরবর্তীতে সেই সম্পর্ক ও পরিচিতিকে কাজে লাগিয়ে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অর্থ আদায় করতেন। এ ঘটনায় জড়িত চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com