শরীয়তপুর-৩ আসনে নুরুদ্দিন আহাম্মেদ অপুর মনোনয়ন ফরম সংগ্রহ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে অতিরিক্ত জেলা প্রশাসক মৌসুমী হান্নানের কাছ থেকে দলীয় নেতাকর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন।

গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কে এম সিদ্দিকুর রহমানের নেতৃত্বে এই কার্যক্রমে বিএনপির জেলা, উপজেলা ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে কে এম সিদ্দিকুর রহমান বলেন, দীর্ঘ সময় ধরে নানা প্রতিকূলতা ও তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে। এমন একটি উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারায় মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু শরীয়তপুর-৩ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন এবং জনগণের প্রত্যক্ষ ভোটে বিজয়ী হবেন।

তিনি আরও বলেন, শুধু শরীয়তপুর-৩ নয়, জেলার তিনটি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থীরা জনগণের ব্যাপক সমর্থনে জয়লাভ করবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাঈদ আহমেদ আসলাম, জেলা বিএনপির সহসভাপতি সিরাজুল হক মোল্লা ও শাহ মো. আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল খান, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম তালুকদার, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আ. জব্বার খান, জেলা আইনজীবী সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম কাসেম, ডামুড্যা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ, জেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল তালুকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

মনোনয়নপত্র সংগ্রহকে ঘিরে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ও আগ্রহ লক্ষ্য করা যায়। দলীয় নেতাদের মতে, এই উৎসাহ ও সক্রিয় অংশগ্রহণ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সাংগঠনিক শক্তি ও মাঠপর্যায়ের প্রস্তুতির স্পষ্ট প্রতিফলন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com