স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান, চার স্তরের নিরাপত্তা

  • আপডেটের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শুক্রবার জুমার নামাজের পর সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এ উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে এবং চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সাভার ও আশুলিয়া এলাকায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ লক্ষ্য করা গেছে। দলীয় সূত্র জানায়, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে তিনি মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে যাচ্ছেন।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ আসনে দলীয় প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, তারেক রহমানের এই সফর ঐতিহাসিক। তিনি আশা প্রকাশ করেন, সাভার-আশুলিয়া অঞ্চল থেকে প্রায় এক লাখ নেতাকর্মী জাতীয় স্মৃতিসৌধ এলাকায় উপস্থিত থাকবেন।

জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার খান আনু জানান, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে পুলিশসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে। সাধারণ দর্শনার্থীদের জন্য স্মৃতিসৌধ উন্মুক্ত থাকবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এবং সকালে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক, ক্রাইম অ্যান্ড অপস) আরাফাতুল ইসলাম বলেন, তারেক রহমানের সফরকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। চার স্তরের নিরাপত্তার পাশাপাশি যান চলাচল ও জনসমাগম নিয়ন্ত্রণেও বিশেষ ব্যবস্থা থাকবে।

কেন্দ্রীয় বিএনপি সূত্র জানায়, জুমার নামাজের পর তারেক রহমান প্রথমে শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। এরপর সেখান থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com