চাঁদপুরের মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে হাইমচর উপজেলা ও হরিণা এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর ক্ষতিগ্রস্ত লঞ্চ দুটির যাত্রীদের উদ্ধার করে ঢাকার সদরঘাটে আনা হয়।
সদরঘাট নৌ থানার ইনচার্জ সোহাগ রানা জানান, লঞ্চ দুর্ঘটনার ঘটনায় এখন পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া একাধিক যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, দুর্ঘটনার সঠিক কারণ এবং হতাহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। বিস্তারিত তথ্য সংগ্রহ শেষে জানানো হবে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গভীর রাতে ঘন কুয়াশার কারণে নৌযান দুটির দৃষ্টিসীমা কমে যাওয়ায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় নৌপথে নিরাপত্তা ও সতর্কতা জোরদারের দাবি জানিয়েছেন যাত্রীরা।