শহিদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ মোড়। সরকারের পক্ষ থেকে এখনো কার্যকর কোনো অগ্রগতি না থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে আন্দোলনকারী সংগঠন ইনকিলাব মঞ্চ। শনিবার (২৭ ডিসেম্বর) শাহবাগে চলমান অবস্থান কর্মসূচি থেকে সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে, হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না।
বিক্ষোভ কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, হাদির খুনের বিচার না করে কাউকেই ‘সেফ এক্সিট’ দেওয়া হবে না। পরিস্থিতি বিবেচনায় যেকোনো সময় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও জাতীয় সংসদ ভবন ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলেও তিনি জানান।
শাহবাগ মোড়ে অবস্থানরত ছাত্র-জনতা হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং হত্যার নেপথ্যের পরিকল্পনাকারীদের চিহ্নিত করার দাবিতে স্লোগান দেন। আন্দোলনকারীদের অভিযোগ, সরকার হাদি হত্যার বিচার প্রক্রিয়ায় গড়িমসি করছে, যা শহিদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।
বিক্ষোভ সমাবেশে আব্দুল্লাহ আল জাবের সরকারের উপদেষ্টাদের কড়া ভাষায় সমালোচনা করে বলেন, যারা মনে করছেন কিছুদিন ক্ষমতায় থেকে নিরাপদে বিদেশে চলে যাবেন, তাদের সেই স্বপ্ন পূরণ হবে না। তিনি বলেন, রক্তের সঙ্গে বেইমানি করলে এ দেশের মাটিতেই জনতার বিচারের মুখোমুখি হতে হবে।
তিনি আরও বলেন, প্রায় ১ হাজার ৪০০ শহিদের রক্তের বিনিময়ে বর্তমান সরকার ক্ষমতায় এলেও এখনো খুনিদের বিচার নিশ্চিত করতে পারেনি। জনগণের ম্যান্ডেট নিয়ে সরকারে আসার দাবি করা এই প্রশাসনের জন্য এটি চরম লজ্জার বিষয় বলে মন্তব্য করেন তিনি।
উপদেষ্টাদের উদ্দেশে প্রশ্ন তুলে আব্দুল্লাহ আল জাবের বলেন, হাদি হত্যার বিচারে কারা বাধা সৃষ্টি করছে তা প্রকাশ করা হোক। তিনি বলেন, খুনের পেছনে জড়িতদের নাম প্রকাশ করলে আন্দোলনকারীরা পাশে থাকবে। তবে বিচার প্রক্রিয়ায় ব্যর্থ হলে সরকারকে এর পূর্ণ জবাবদিহি করতে হবে।