ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে পদত্যাগ করেছেন দেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। শনিবার (২৭ ডিসেম্বর) রাতে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্রে স্বাক্ষর করেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আসাদ উদ্দিন বাসসকে জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান তাঁর পদত্যাগপত্রে সই করেন। রোববার তা রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে ২০২৪ সালের ৮ আগস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামানকে দেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের পর তিনি রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।
অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালনের আগে অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।