আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনের তফশিল ঘোষণার পর থেকে রোববার (২৮ ডিসেম্বর) দুপুর আড়াইটা পর্যন্ত সারাদেশে মোট ২ হাজার ৭৮০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। একই সময়ে ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রোববার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নির্বাচনি কার্যক্রম নির্ধারিত সময়সূচি অনুযায়ী এগিয়ে চলেছে।
ইসি ঘোষিত তফশিল অনুযায়ী, সোমবার (২৯ ডিসেম্বর) জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে এ দিন পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।
এর আগে গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। পরে ১৮ ডিসেম্বর তফশিল সংক্রান্ত একটি সংশোধিত প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। সংশোধিত প্রজ্ঞাপনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময়সীমা দুই দিন কমানো হয় এবং আপিল নিষ্পত্তির সময় দুই দিন বাড়ানো হয়।
নির্বাচনি সূচি অনুযায়ী, ৩০ ডিসেম্বর মঙ্গলবার থেকে ৪ জানুয়ারি রোববার পর্যন্ত মনোনয়নপত্র বাছাই করবেন রিটার্নিং কর্মকর্তারা। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৫ জানুয়ারি সোমবার থেকে ৯ জানুয়ারি শুক্রবার পর্যন্ত। আপিল নিষ্পত্তি করা হবে ১০ জানুয়ারি শনিবার থেকে ১৮ জানুয়ারি রোববারের মধ্যে।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি মঙ্গলবার। এরপর ২১ জানুয়ারি বুধবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।