ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। এই নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ সোমবার (২৯ ডিসেম্বর)। বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।
নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, আগ্রহী প্রার্থীদের আজই নিজ নিজ নির্বাচনী এলাকার রিটার্নিং কর্মকর্তা অথবা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করতে হবে।
ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানান, গত ১১ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে রোববার (২৮ ডিসেম্বর) দুপুর আড়াইটা পর্যন্ত সারাদেশে মোট ২ হাজার ৭৮০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে ওই সময় পর্যন্ত মাত্র ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। শেষ দিনে এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করা হচ্ছে।
এর আগে গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। পরে ১৮ ডিসেম্বর নির্বাচন কমিশন তফসিল-সংক্রান্ত একটি সংশোধিত প্রজ্ঞাপন জারি করে।
সংশোধিত প্রজ্ঞাপনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময়সীমা দুই দিন কমানো হয় এবং আপিল নিষ্পত্তির সময়সীমা দুই দিন বাড়ানো হয়। ইসি জানায়, সংবিধানের ৬৫ অনুচ্ছেদ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর বিধান অনুযায়ী জাতীয় সংসদ গঠনের লক্ষ্যে এ নির্বাচনী সূচি ঘোষণা করা হয়েছে।
নির্বাচনী সময়সূচি অনুযায়ী, ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র বাছাই করা হবে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।