প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিদ্যমান সীমান্ত সমস্যা সমাধানে কৌশলী হওয়ার ওপর গুরুত্ব আরোপ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বশীল ও সচেতন ভূমিকা অপরিহার্য।
সোমবার (২৯ ডিসেম্বর) সকালে বিজিবি দিবস উপলক্ষে রাজধানীর পিলখানায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি সীমান্ত এলাকায় চোরাকারবার ও অপরাধ দমনে আরও কঠোর হওয়ার নির্দেশ দেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্তসংক্রান্ত যেকোনো সমস্যা সমাধানে কৌশলগত দৃষ্টিভঙ্গি প্রয়োজন। একই সঙ্গে সীমান্ত দিয়ে যেন কোনো অপরাধী বা সন্ত্রাসী বাংলাদেশ থেকে পালিয়ে যেতে না পারে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের ওপর তিনি জোর দেন। সীমান্তে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশও দেন তিনি।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের উদ্দেশে তিনি বলেন, সীমান্ত রক্ষায় পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করাও বিজিবির একটি বড় দায়িত্ব।
তিনি আশা প্রকাশ করে বলেন, বিজিবি সঠিকভাবে দায়িত্ব পালন করলে দেশ একটি শান্তিপূর্ণ, উৎসবমুখর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার পাবে।