দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিএনপির শীর্ষ ও মাঠপর্যায়ের মোট ৯ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় দলটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট নেতারা দলীয় শৃঙ্খলা ও সিদ্ধান্তের বাইরে গিয়ে কার্যক্রম পরিচালনা করায় তাদের বিরুদ্ধে এই কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বহিষ্কৃত নেতাদের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বহিষ্কৃত নেতারা হলেন— বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ শাহ আলম, হাসান মামুন ও আব্দুল খালেক। এছাড়া কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশিদ (চাকসু মামুন) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশও বহিষ্কারের তালিকায় রয়েছেন।
দলীয় সূত্র জানিয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে বিএনপি এ ধরনের সিদ্ধান্ত নিচ্ছে এবং ভবিষ্যতেও দলীয় নীতির ব্যত্যয় ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।