বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ বুধবার সকাল সোয়া ৯টার কিছু পর জাতীয় পতাকায় মোড়ানো একটি গাড়িতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানে নেওয়া হয়েছে।
প্রথমে তার মরদেহ দীর্ঘদিনের বাসভবন ‘ফিরোজা’য় নেওয়ার কথা থাকলেও পরে সিদ্ধান্ত পরিবর্তন করে গুলশানের ১৯৬ নম্বর বাসায় নেওয়া হয়, যা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবন হিসেবে পরিচিত। সেখানে দলীয় নেতাকর্মী, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীরা তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন।
শ্রদ্ধা নিবেদন শেষে বেগম খালেদা জিয়ার মরদেহ জানাজার জন্য রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেওয়া হবে। জানাজা শেষে তাকে তার স্বামী, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করার প্রস্তুতি নেওয়া হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থতায় ভুগে মঙ্গলবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।