মালিবাগ–মৌচাক ফ্লাইওভারে সিএনজি–মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

রাজধানীর মালিবাগ–মৌচাক ফ্লাইওভারের ওপর সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন সিএনজি অটোরিকশা চালক নয়ন তালুকদার (৭০) এবং মোটরসাইকেল চালক শিক্ষার্থী ইয়াসিন আরাফাত আশিক (২১)।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে ফ্লাইওভারের মৌচাক অংশে, ফরচুন মার্কেট সংলগ্ন ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতায় সিএনজি ও মোটরসাইকেল দুটিই দুমড়ে-মুচড়ে যায়।

রমনা থানার উপপরিদর্শক (এসআই) সুশান্ত কুমার জানান, ভোরের দিকে ফ্লাইওভারের ওই স্থানে সিএনজি ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় চালক গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত নয়ন তালুকদারের বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলায়। তিনি বর্তমানে রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় বসবাস করতেন। অপর নিহত ইয়াসিন আরাফাত আশিক দক্ষিণ মুগদা এলাকার বাসিন্দা। তার বাবার নাম ইব্রাহিম বাবু। ইয়াসিন ২০২৫ সালে সিটি কলেজ থেকে এইচএসসি পাস করেছিলেন।

পুলিশ আরও জানায়, দুর্ঘটনার পর আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com