শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে আজ থেকে ৬ জানুয়ারি পর্যন্ত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করবে ইনকিলাব মঞ্চ। গতকাল শুক্রবার (২ জানুয়ারি) রাজধানীর শাহবাগে এক কর্মসূচি থেকে এ ঘোষণা দেন সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।
শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। সেখানে বক্তব্যে আবদুল্লাহ আল জাবের বলেন, অন্তর্বর্তী সরকার, বিভিন্ন রাজনৈতিক দল এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের কাছে গিয়ে সংগঠনের সদস্যরা বিচার নিশ্চিতে সহযোগিতা চাইবেন। একই সঙ্গে আগামী ৭ জানুয়ারির মধ্যে হাদি হত্যাকাণ্ডে জড়িত খুনিদের শনাক্ত করে অভিযোগপত্র দাখিলের দাবি জানান তিনি। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেয় সংগঠনটি।
তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের নয়, বরং পুরো সমাজের জন্য ন্যায়বিচারের প্রশ্ন। তাই বিচারের দাবিতে দেশব্যাপী জনমত গড়ে তুলতেই এই ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করা হচ্ছে।
প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর দুপুরে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে অস্ত্রোপচার করা হয়। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। পরদিন ১৯ ডিসেম্বর রাতে তার মরদেহ দেশে আনা হয়। ২০ ডিসেম্বর ময়নাতদন্ত শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে দাফন করা হয়।