ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান নিয়ে যা বলল জাতিসংঘ

  • আপডেটের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র জানিয়েছেন, এ ধরনের সামরিক পদক্ষেপ শুধু ভেনেজুয়েলার জন্য নয়, পুরো অঞ্চলজুড়েই একটি উদ্বেগজনক বার্তা বহন করে।

তিনি সতর্ক করে বলেন, এই ঘটনা ভবিষ্যতের জন্য একটি ‘বিপজ্জনক দৃষ্টান্ত’ হয়ে থাকতে পারে। একই সঙ্গে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি পূর্ণ সম্মান নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের ঘটনায় মহাসচিব আন্তোনিও গুতেরেস ‘গভীরভাবে উদ্বিগ্ন’। তার মুখপাত্র এক বিবৃতিতে বলেন, এই পরিস্থিতি গোটা অঞ্চলের জন্য একটি উদ্বেগজনক বাস্তবতা তৈরি করেছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ভেনেজুয়েলার রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন, সাম্প্রতিক এই ঘটনাগুলো আন্তর্জাতিক অঙ্গনে একটি বিপজ্জনক নজির স্থাপন করেছে। মহাসচিব বারবারই জোর দিয়ে বলেছেন, সব পক্ষকে আন্তর্জাতিক আইন এবং বিশেষ করে জাতিসংঘ সনদের প্রতি পূর্ণ শ্রদ্ধা প্রদর্শন করতে হবে।

মুখপাত্র জানান, এই ঘটনায় আন্তর্জাতিক আইন যথাযথভাবে অনুসরণ করা হয়নি—এমন আশঙ্কা থেকেই মহাসচিব গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। পাশাপাশি মানবাধিকার ও আইনের শাসনের প্রতি সম্মান বজায় রেখে ভেনেজুয়েলার রাজনৈতিক সংকট সমাধানে অন্তর্ভুক্তিমূলক সংলাপে অংশ নিতে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

এদিকে ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। বিবিসির তথ্য অনুযায়ী, কলম্বিয়ার আহ্বানে এবং রাশিয়া ও চীনের সমর্থনে সোমবার নিরাপত্তা পরিষদের এই জরুরি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com