পোস্টাল ব্যালটে ভোট দিয়ে সেই ভোটের ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে সংশ্লিষ্ট ভোটারের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে প্রচলিত আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হবে।
শনিবার (৩ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সতর্কবার্তা দেয় নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তিতে বলা হয়, পোস্টাল ব্যালটে ভোটদানের ছবি বা ভিডিওচিত্র ফেসবুকসহ কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা হলে সংশ্লিষ্ট ভোটারের এনআইডি ব্লক করাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইসির বার্তায় আরও উল্লেখ করা হয়, পোস্টাল ভোটের গোপনীয়তা রক্ষা করা ভোটারের অধিকার ও দায়িত্ব। ভোট দেওয়ার তথ্য, ব্যালট পেপার বা ভোটগ্রহণের ছবি ও ভিডিও প্রকাশ করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ কারণে সবাইকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টাল ভোটসংক্রান্ত যেকোনো ধরনের পোস্ট বা শেয়ার করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে কমিশন।
ইসি কর্মকর্তারা জানান, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে প্রবাসী ভোটার, কারাবন্দি এবং সরকারি চাকরিজীবীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাবেন। ডাকযোগে ভোট দেওয়ার এই ব্যবস্থায় ভোটাররা সাধারণ ভোটকেন্দ্রে ভোটগ্রহণের কয়েক সপ্তাহ আগেই ভোট প্রদান করেন। ফলে ভোটের গোপনীয়তা নিশ্চিত করতে কমিশন এ ধরনের কঠোর সিদ্ধান্ত নিয়েছে।
এনআইডি ব্লক করা হলে নাগরিকরা বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা থেকে বঞ্চিত হন বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দেশে ও দেশের বাইরে অবস্থানরত প্রায় ১৩ লাখ ভোটার ইতোমধ্যে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন।