ভোট দিতে ১৩ লাখ ৭ হাজার ৯৫ প্রবাসীর নিবন্ধন ব্যালট প্রেরণ ৫ লাখ ৮১ হাজার

  • আপডেটের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে এখন পর্যন্ত ১৩ লাখ ৭ হাজার ৯৫ জন ভোটার নিবন্ধন করেছেন। নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে রবিবার সকাল ১০টা পর্যন্ত হালনাগাদ তথ্যে এ পরিসংখ্যান উঠে এসেছে।

ইসি সূত্র জানায়, প্রবাসী বাংলাদেশি ভোটারদের পাশাপাশি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং কর্মস্থলের কারণে নিজ এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করছেন। নিবন্ধিত ভোটারদের মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ২২ হাজার ২৮৭ জন এবং নারী ভোটার ১ লাখ ৮৪ হাজার ৮০৬ জন।

প্রবাসী ভোটারদের মধ্যে সৌদি আরব থেকে সর্বোচ্চ ২ লাখ ২৩ হাজার ৬০৯ জন নিবন্ধন করেছেন। এ ছাড়া মালয়েশিয়া থেকে ৭৬ হাজার ৬৬০ জন, কাতার থেকে ৭৩ হাজার ৪৬৮ জন, ওমান থেকে ৫১ হাজার ১৬৩ জন এবং কুয়েত থেকে ৩৩ হাজার ৬০৭ জন ভোটার নিবন্ধিত হয়েছেন।

দেশের অভ্যন্তরে ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন ৫ লাখ ৮৪ হাজার ৩৪৭ জন ভোটার। জেলাভিত্তিক হিসাবে কুমিল্লায় সর্বোচ্চ ৯৯ হাজার ৯১৫ জন নিবন্ধন করেছেন। এরপর রয়েছে ঢাকা জেলা, যেখানে নিবন্ধন সংখ্যা ৯৩ হাজার ৪৬৫ জন এবং চট্টগ্রামে ৮৩ হাজার ৭৫৯ জন।

আসনভিত্তিক নিবন্ধনে শীর্ষে রয়েছে ফেনী-৩ আসন, যেখানে ১৫ হাজার ১৬৪ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধিত হয়েছেন। এর পরেই রয়েছে চট্টগ্রাম-১৫ আসন (১২ হাজার ৭৪০ জন) এবং নোয়াখালী-১ আসন (১২ হাজার ৬১২ জন)।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গত ১৪ দিনে বিশ্বের ৭৫টি দেশে অবস্থানরত ৫ লাখ ৮১ হাজার ৬৮৯ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বার্তা সংস্থা বাসসকে জানান, এসব ব্যালটের মধ্যে সর্বোচ্চ ১ লাখ ৮৭ হাজার ৪৪৩টি পাঠানো হয়েছে সৌদি আরবে। এ ছাড়া মালয়েশিয়ায় ৬৬ হাজার ৫৭৭টি এবং কাতারে ৬৪ হাজার ৭০০টি ব্যালট পাঠানো হয়েছে।

ভোটারদের ব্যাপক আগ্রহের কারণে পোস্টাল ব্যালটে ভোটের নিবন্ধনের সময়সীমা আগামী ৫ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, আগে নিবন্ধনের শেষ সময় ছিল ৩১ ডিসেম্বর। তবে প্রবাসী ও দেশের অভ্যন্তরের তিন ক্যাটাগরির ভোটারদের বিশেষ অনুরোধের প্রেক্ষিতে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপটি উদ্বোধন করা হয়। এই অ্যাপের মাধ্যমে বিশ্বের ১৪৮টি দেশে অবস্থানরত প্রবাসীরা নিজ নিজ দেশের মোবাইল নম্বর ব্যবহার করে নিবন্ধন করতে পারছেন। একই সঙ্গে আইনি হেফাজতে থাকা ভোটারদেরও এই ব্যবস্থার আওতায় আনা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com