দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৬৭ হাজার শিক্ষক নিয়োগের লক্ষ্যে সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় এ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সব এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান—স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি এবং ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এ জন্য নিবন্ধন সনদধারী যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে (e-Application) আবেদন আহ্বান করা হয়েছে।
প্রতিষ্ঠানভিত্তিক শূন্য পদের সংখ্যা অনুযায়ী—
স্কুল ও কলেজে: ২৯ হাজার ৫৭১টি পদ
মাদরাসায়: ৩৬ হাজার ৮০৪টি পদ
কারিগরি প্রতিষ্ঠানে: ৮৩৩টি পদ
অনলাইন আবেদন ফরম পূরণ ও ফি জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে আগামী ১০ জানুয়ারি ২০২৬ থেকে ১৭ জানুয়ারি ২০২৬ দিবাগত রাত ১২টা পর্যন্ত।
বয়স ও নিবন্ধন সনদের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীর বয়স ৪ জুন ২০২৫ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে। শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ গণনা হবে নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশের তারিখ থেকে তিন বছর পর্যন্ত। শিক্ষা মন্ত্রণালয়ের ১ জানুয়ারি ২০২৬ তারিখের নির্দেশনা অনুযায়ী, বর্তমানে কর্মরত ইনডেক্সধারী শিক্ষকরা একই পদে আবেদন করতে পারবেন না।
শূন্য পদের বিস্তারিত তালিকা, আবেদন পদ্ধতি এবং নিয়োগসংক্রান্ত অন্যান্য শর্তাবলী এনটিআরসিএর ওয়েবসাইট www.ntrca.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট **http://ngi.teletalk.com.bd**–এ পাওয়া যাবে।