জুলাই গণঅভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সর্বশেষ তথ্যমতে, তাকে ভারতের কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছে।
হাসপাতাল সূত্রের বরাতে জানা যায়, শারীরিক জটিলতা বেড়ে যাওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয় এবং পরে ভেন্টিলেশনের সহায়তা দেওয়া হয়। চিকিৎসকরা তার অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
জুলাই গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের মধ্যে ওবায়দুল কাদের ভারতে চলে যান বলে বিভিন্ন সূত্রে জানা যায়। এরপর থেকে তিনি দেশটির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এ বিষয়ে এখনো বাংলাদেশ বা ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিস্তারিত বিবৃতি দেওয়া হয়নি। তার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও নানা আলোচনা চলছে।