ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে সরিয়ে নেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। সোমবার (৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই উদ্বেগের কথা জানায়।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সবসময় বিশ্বাস করে যে রাষ্ট্রগুলোর মধ্যে বিদ্যমান যে কোনো বিরোধ শান্তিপূর্ণ উপায়ে সমাধান করা উচিত। এ জন্য কূটনীতি ও সংলাপকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিসমূহের প্রতি তার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও ইঙ্গিত দেওয়া হয় যে, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বলপ্রয়োগ বা সামরিক হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এবং তা আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ।
এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে, মার্কিন সেনারা ভেনেজুয়েলায় একটি ঝটিকা অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে আটক করেছে। আটক করার পরপরই তাদের যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে এই অভিযানের তথ্য নিশ্চিত করে জানান, মাদুরো দম্পতিকে যুক্তরাষ্ট্রের আদালতে বিচারের মুখোমুখি করা হবে।