অন্তর্বর্তী সরকারের মেয়াদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হচ্ছে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের সময়েই থার্ড টার্মিনাল চালু করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। তবে নানা বাস্তবতা ও সীমাবদ্ধতার কারণে তা সম্ভব হয়নি। এখন বিষয়টি পরবর্তী সরকারকে দেখতে হবে।
তিনি আরও বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে ‘ক্যাটাগরি থ্রি’তে উন্নীত করতে হলে উত্তরা এলাকার বিপুলসংখ্যক বাড়িঘর ভাঙতে হবে, যা বাস্তবসম্মত নয়। তবে কক্সবাজার বিমানবন্দরকে ক্যাটাগরি থ্রি’তে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এটি বাস্তবায়ন করা গেলে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও সেখানে বিমান অবতরণ সম্ভব হবে।
আইন ও নীতিগত সংস্কার প্রসঙ্গে শেখ বশিরউদ্দীন বলেন, বেসামরিক বিমান চলাচল (সংশোধন) অধ্যাদেশ এবং বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) সংশোধন অধ্যাদেশের মাধ্যমে বিমান চলাচল ও ভ্রমণ সংক্রান্ত বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনার আশা করা হচ্ছে। তবে এসব অধ্যাদেশ কার্যকর করতে প্রয়োজনীয় বিধি প্রণয়ন জরুরি।
তিনি জানান, বিধিমালার খসড়া ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা শেষে দ্রুতই তা চূড়ান্ত করা হবে।