আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য মোট ৮১টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি জানান, বিগত তিনটি নির্বাচনে যেসব পর্যবেক্ষক সংস্থা সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে, তাদের এবার নিবন্ধন দেওয়া হয়নি।
বুধবার (৭ জানুয়ারি) সকালে রাজধানীর এনজিও ব্যুরো সম্মেলন কক্ষে নাগরিক পর্যবেক্ষণ প্রক্রিয়া আরও শক্তিশালী করতে একটি নতুন নির্বাচন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, নির্বাচন পর্যবেক্ষকরা নির্বাচন কমিশনের জন্য ‘তৃতীয় চক্ষু’ হিসেবে কাজ করেন। নীতিমালা যথাযথভাবে অনুসরণ করে দায়িত্ব পালন করলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নাগরিক পর্যবেক্ষকদের সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
পর্যবেক্ষকদের যোগ্যতা প্রসঙ্গে তিনি জানান, এবারের নির্বাচনে পর্যবেক্ষকদের ন্যূনতম বয়সসীমা ২১ বছর নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে অল্প বয়সী পর্যবেক্ষকদের আবেগ সংযত রেখে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে নির্বাচন পর্যবেক্ষণ ব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতে নাগরিক সমাজের ভূমিকা জোরদারের বিষয়েও আলোচনা হয়। বক্তারা বলেন, নিরপেক্ষ ও শক্তিশালী নাগরিক পর্যবেক্ষণ একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।