ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশগ্রহণের জন্য বিশ্বের ১০৪টি দেশে অবস্থানরত ৭ লাখ ২৮ হাজার ২৩ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। নির্বাচন কমিশনের প্রবাসী ভোটার নিবন্ধনবিষয়ক ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন’ (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, নিবন্ধিত বাকি প্রবাসী ভোটারদের কাছেও দ্রুততম সময়ে পোস্টাল ব্যালট পৌঁছে দেওয়া হবে। তবে ব্যালটের গোপনীয়তা রক্ষা করা সংশ্লিষ্ট ভোটারের দায়িত্ব। কেউ যদি ভোটের গোপনীয়তা ভঙ্গ করেন, সে ক্ষেত্রে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করা হতে পারে বলেও সতর্ক করেন তিনি।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, সর্বাধিক সংখ্যক পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে সৌদি আরবে অবস্থানরত ২ লাখ ২৩ হাজার ৯৪৩ জন প্রবাসীর কাছে। এর পাশাপাশি মালয়েশিয়ায় ৮৩ হাজার ৮২৭ জন এবং কাতারে ৭৪ হাজার প্রবাসী ভোটারের কাছে ব্যালট পৌঁছেছে।
ইসির তথ্য অনুযায়ী, এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে দেশের ভেতরে (ইন-কান্ট্রি) নিবন্ধিত ভোটার রয়েছেন ৭ লাখ ৬১ হাজার ১৪১ জন এবং বিদেশে অবস্থানরত প্রবাসী ভোটার রয়েছেন ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন।
এদিকে ইসি সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় বিশ্বের বিভিন্ন দেশের আরও ৫০ হাজার ৭৯০ জন প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে সৌদি আরবে ১৭ হাজার, মালয়েশিয়ায় ১১ হাজার ৭৫০ এবং ওমানে ১০ হাজার ২০০ জন প্রবাসী ভোটার ব্যালট পেয়েছেন।