ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার শুনানি শেষে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত চত্বরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে আদালতের সামনে সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে বহনকারী প্রিজনভ্যান লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এ সময় তারা ‘লীগ ধর, জেলে ভর’সহ বিভিন্ন স্লোগান দেন।
আদালত সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় ঢাকার মধ্য বাড্ডায় দুর্জয় আহম্মেদের ওপর গুলিবর্ষণের ঘটনায় করা হত্যা চেষ্টার মামলায় পলককে গ্রেপ্তার দেখানোর জন্য গত ২৪ ডিসেম্বর আবেদন করেন বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া খান। পূর্বনির্ধারিত ৭ জানুয়ারি পলককে আদালতে হাজির করা সম্ভব না হওয়ায় সোমবার শুনানির নতুন দিন ধার্য করা হয়।
সোমবার শুনানিকালে পলককে আদালতে হাজির করা হলে ঢাকার মহানগর হাকিম আরিফুর রহমান শুনানি শেষে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। পরে সাবেক এই প্রতিমন্ত্রীকে আদালতের হাজতখানায় রাখা হয়। মামলার এজাহার অনুযায়ী, গত ২০ জুলাই মধ্য বাড্ডার ইউলুপের নিচে দুর্জয় আহম্মেদের ওপর গুলি চালানো হয়। এতে তিনি উভয় চোখের দৃষ্টি হারান এবং মাথায় গুরুতর আঘাত পান। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৯০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
একই দিনে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জশিতা ইসলামের আদালতে শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার শুনানির দিন ধার্য ছিল। মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের আদালতে উপস্থিত হয়ে অভিযোগপত্র পর্যালোচনার জন্য দুই দিনের সময় চান। আদালত তার আবেদন মঞ্জুর করে আগামী বৃহস্পতিবার অভিযোগপত্র গ্রহণের দিন নির্ধারণ করেন। শুনানির সময় হাদির ভাই ওমর হাদিও আদালতে উপস্থিত ছিলেন।
শুনানি শেষে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা সিএমএম আদালতের সামনে অবস্থান নেন। একপর্যায়ে তারা জানতে পারেন যে জুনাইদ আহমেদ পলককে আদালতে হাজির করা হয়েছে। দুপুর দেড়টার দিকে পলককে বহনকারী প্রিজনভ্যান আদালতের হাজতখানা থেকে বের হয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের উদ্দেশে রওনা হলে বিক্ষোভকারীরা গাড়িটি লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন এবং স্লোগান দিতে থাকেন। এ ঘটনায় আদালত এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা বিরাজ করে।