গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জাপানের

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিৎসু ইসরায়েল সফর করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার-এর সঙ্গে বৈঠক করেছেন। এ সময় তিনি গাজা উপত্যকার জন্য মার্কিন নেতৃত্বাধীন শান্তি পরিকল্পনা ধারাবাহিকভাবে বাস্তবায়নের আহ্বান জানান এবং উপত্যকার পুনর্গঠনে জাপানের সক্রিয় ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন।

রোববার জেরুজালেমে অনুষ্ঠিত বৈঠকের উদ্বোধনী বক্তব্যে মোতেগি বলেন, ইসরায়েল ও ফিলিস্তিনিদের পারিপার্শ্বিক পরিস্থিতির উন্নয়নে শান্তি পরিকল্পনাটির ধারাবাহিক বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আঞ্চলিক উত্তেজনা কমানো এবং দীর্ঘদিনের পারস্পরিক অবিশ্বাস দূর করতে উভয় পক্ষকে সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং আন্তর্জাতিক সংস্থা ও বেসরকারি সংগঠনগুলোর মাধ্যমে গাজায় মানবিক সহায়তা নির্বিঘ্নে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানান জাপানের পররাষ্ট্রমন্ত্রী।

তিনি আরও বলেন, গাজার দ্রুত পুনরুদ্ধার ও পুনর্গঠনে জাপান সক্রিয়ভাবে অংশ নেবে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।

বৈঠকে মোতেগি পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপন কার্যক্রম আন্তর্জাতিক আইনের পরিপন্থি উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, বসতি স্থাপনকারীদের সহিংসতা বৃদ্ধি এই অঞ্চলের পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে।

এ সময় তিনি দ্বি-রাষ্ট্রীয় সমাধানের পরিপন্থি যেকোনো একতরফা পদক্ষেপ অবিলম্বে বন্ধ করার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানান।

পরে মোতেগি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে পৃথক বৈঠক করেন। সেখানে তিনি গাজা শান্তি পরিকল্পনার পূর্ণ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং বসতি স্থাপন কার্যক্রম নিয়ে জাপানের গুরুতর উদ্বেগের কথা তুলে ধরেন। জবাবে প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইসরায়েলের অবস্থান ব্যাখ্যা করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com