সাভারের একটি পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে আবারও দুইটি পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, মরদেহ দুটি একজন নারী ও একটি ছেলে শিশুর হতে পারে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
রোববার (১৮ জানুয়ারি) দুপুরে সাভার পৌর এলাকার থানা রোড মহল্লায় অবস্থিত পরিত্যক্ত ‘সাভার পৌর কমিউনিটি সেন্টার’-এর ভেতর থেকে মরদেহ দুটির সন্ধান পাওয়া যায়। খবর পেয়ে সাভার মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাভার কলেজের এক শিক্ষার্থী প্রস্রাব করার জন্য কমিউনিটি সেন্টারের ভেতরে প্রবেশ করেন। এ সময় তিনি ভেতরে দুটি পোড়া মরদেহ দেখতে পান। পরে তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, অপারেশন) হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ দুটি আগুনে পোড়া থাকায় তাদের পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, এই পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে আগেও একাধিক মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বছরের ২৯ আগস্ট দিবাগত রাতে একই স্থান থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি। এরপর ১১ অক্টোবর রাতে ওই কমিউনিটি সেন্টার থেকেই অজ্ঞাত পরিচয়ের প্রায় ৩০ বছর বয়সী এক নারীর অর্ধনগ্ন মরদেহ উদ্ধার করা হয়। সর্বশেষ গত ১৯ ডিসেম্বর দুপুরে একই ভবনের দ্বিতীয় তলার টয়লেট থেকে এক পুরুষের মরদেহ উদ্ধার করে পুলিশ। এসব ঘটনায় নিহতদের পরিচয় ও হত্যার রহস্য এখনো উদঘাটন হয়নি।