২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ—এই সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে অংশ না নেওয়ার কারণে বিসিবিকে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে।
আইসিসি আয়োজিত টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের জন্য নির্ধারিত ফি ছিল ৩ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৬৭ লাখ টাকা। বিশ্বকাপ বয়কটের ফলে এই অর্থ থেকে বঞ্চিত হচ্ছে বিসিবি।
অংশগ্রহণ ফি ছাড়াও আরও বড় অঙ্কের ক্ষতির আশঙ্কা করছে ভারতীয় গণমাধ্যমগুলো। ভারতের সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর কারণে বিসিবির বার্ষিক আয়ের প্রায় ৬০ শতাংশ পর্যন্ত ক্ষতি হতে পারে।
পিটিআইয়ের তথ্য অনুযায়ী, বিশ্বকাপে অংশ না নিলে বাংলাদেশের মোট আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩০ কোটি টাকার সমান। এর মধ্যে সম্প্রচার স্বত্ব, স্পনসরশিপ চুক্তি এবং চলতি অর্থবছরের সম্ভাব্য আয়ের বড় অংশ অন্তর্ভুক্ত রয়েছে।
বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত জানাতে আইসিসি বাংলাদেশকে বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে ইতিবাচক সাড়া না পাওয়ায় র্যাঙ্কিংয়ের ভিত্তিতে স্কটল্যান্ডকে বিকল্প দল হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানা গেছে।
এর আগে জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে বৈঠকের পর ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানান, ভারতে খেলাকে কেন্দ্র করে যে নিরাপত্তা মূল্যায়ন আইসিসি দিয়েছে, তা বাংলাদেশের কাছে গ্রহণযোগ্য নয়। নিরাপত্তা উদ্বেগের কারণেই এই সিদ্ধান্তে সরকার ও বিসিবি অনড় রয়েছে বলে তিনি উল্লেখ করেন।