নির্ধারিত সময়ের মধ্যে রিটার্নিং অফিসারের কাছে পোস্টাল ব্যালট না পৌঁছালে সেই ভোট গণনায় অন্তর্ভুক্ত করা হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা ভোটাররা ব্যালট হাতে পাওয়ার পর যত দ্রুত সম্ভব ভোট প্রদান করে নিকটস্থ পোস্ট অফিস বা ডাকবাক্সে হলুদ খাম জমা দেবেন। ১২ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪টার মধ্যে রিটার্নিং অফিসারের কাছে পৌঁছানো ব্যালটই কেবল গণনার আওতায় আসবে।
ইসি আরও জানায়, আগামী ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো না হলে নির্ধারিত সময়ের মধ্যে তা রিটার্নিং অফিসারের কাছে পৌঁছানোর সম্ভাবনা কম। এ কারণে প্রবাসী ভোটারদের ২৫ জানুয়ারির মধ্যেই পোস্টাল ব্যালটে ভোট প্রদান সম্পন্ন করে ডাকযোগে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।
এবার দেশের ভেতরে সরকারি চাকরিজীবী, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং কয়েদিসহ তিন শ্রেণির নাগরিক পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি বিশ্বের ১২০টিরও বেশি দেশে অবস্থানরত প্রবাসীরাও এই ব্যবস্থার আওতায় ভোট দিচ্ছেন। সব মিলিয়ে পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার।
আগামী ১২ ফেব্রুয়ারি ১২ কোটি ৭৭ লাখের বেশি ভোটারের অংশগ্রহণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।