ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে যে দলটি বর্তমানে ভোট চাইছে, তারা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের পক্ষে অবস্থান নিয়েছিল।
শনিবার (২৪ জানুয়ারি) বেলা ১২টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে এক নির্বাচনি পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ১৯৭১ সালে দেশের মানুষ নিজেরাই পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছে। কেউ বাইরে থেকে এসে বাংলাদেশের স্বাধীনতা এনে দেয়নি। সেই সময় যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই আজ নতুন প্রতীক নিয়ে জনগণের কাছে ভোট চাইতে আসছে। জনগণকেই বিচার করতে হবে তারা স্বাধীনতার পক্ষে ছিল নাকি বিপক্ষে।
বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে। এই কার্ডের মাধ্যমে নারীরা পরিবারের নিত্যপ্রয়োজনীয় ব্যয়ে সরাসরি উপকৃত হবেন। একইভাবে কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে, যাতে তারা বিভিন্ন সুযোগ-সুবিধা পান। পাশাপাশি সাধারণ মানুষের জন্য সহজ ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যকার্ড চালুর কথাও জানান তিনি।
আসন্ন নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, জনগণের সমর্থন পেলে সংসদে গিয়ে তিনি তাদের পক্ষে কথা বলবেন।
পথসভায় উপস্থিত কয়েকজন ভোটার মঞ্চে উঠে মির্জা ফখরুলের আগের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে বাস্তবায়িত উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। তারা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের আওতায় সেচ সুবিধা বৃদ্ধি ও কৃষি উন্নয়নের কথা উল্লেখ করেন এবং ভবিষ্যতে আরও উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করেন।
নির্বাচিত হলে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার আশ্বাস দেন বিএনপির এই শীর্ষ নেতা।