বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নাম নাম না নিয়েই তার প্রতি কটাক্ষ করে জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল আলম খান বলেন, ১৭ বছর পর লন্ডন থেকে এক মুফতি এসে এ দেশের মুসলমানদের কুফরি আখ্যা দিচ্ছেন।
তিনি বলেন, আমরা একটি নতুন বাংলাদেশ চাই। যারা ভারতের আশীর্বাদ নিয়ে দেশ শাসন করতে চায়, সেই ধরনের শাসনব্যবস্থা আমরা মেনে নেব না।
২২শে জানুয়ারি, বৃহস্পতিবার দুপুরে জামায়াতে ইসলামী ঢাকা-১৫ আসনের উদ্যোগে আয়োজিত এক জনসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে জামায়াতের আমিরসহ জোট ও দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
রাজনৈতিক জনসভায় বক্তব্যে যথারীতি ধর্ম টেনে এনে সাইফুল আলম খান বলেন, আমরা এমন একটি দেশ গড়তে চাই, যেখানে আজানের ধ্বনিতে মানুষের প্রতিটি কাজ পরিচালিত হবে।
পুরোনো ধারার রাজনীতি চলতে থাকলে এত মানুষের আত্মত্যাগ অর্থহীন হয়ে যাবে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, বর্তমান রাজনীতিতে সন্ত্রাস ও চাঁদাবাজি যেন একই অর্থ বহন করছে। কিছু মানুষ রাজনৈতিক পরিচয়ের আড়ালে শহর ও গ্রামে চাঁদাবাজিতে লিপ্ত রয়েছে। এসব চাঁদাবাজির কারণে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।
তাই চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে একটি নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি।
সাইফুল বলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ গড়তে চায় জামায়াতে ইসলামী।
তিনি অভিযোগ করেন, নারী কর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে। এসব বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও শারীরিকভাবে লাঞ্ছিত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, ক্ষমতায় যাওয়ার আগেই যারা নারীদের বোরকা ধরে টানাটানি করে এবং প্রতিপক্ষকে নির্যাতন করে, তারা ক্ষমতায় গেলে নারীদের অবস্থা কী হবে—তা দেশবাসী ভালোভাবেই বুঝতে পারছে।
সিলেট সফরে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের দেওয়া বক্তব্যের সমালোচনা করে গুপ্ত সংগঠন শিবিরের সাবেক এই কেন্দ্রীয় সভাপতি বলেন, একটি বড় রাজনৈতিক দলের শীর্ষ নেতার বক্তব্যের মূল লক্ষ্য যেন কেবল জামায়াতে ইসলামী।
তিনি বলেন, জামায়াত নাকি জান্নাতের টিকিট বিক্রি করছে—এমন অভিযোগের কোনো উদাহরণ সামনে আনার আহ্বান জানান তিনি।
ধর্মীয় বয়ান টেনে তিনি বলেন, রাসূল (সা.) বলেছেন শুধু আমলের জোরে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাই জান্নাত নিয়ে ঠাট্টা-তামাশা করা অনুচিত।
সাইফুল আরও বলেন, তারেক রহমান নাকি ফতোয়া দিয়ে জামায়াতের নেতাকর্মীদের কুফরি আখ্যা দিয়েছেন।
এ প্রসঙ্গে তিনি আবারও বলেন, ১৭ বছর পর লন্ডন থেকে এসে এক মুফতি এ দেশের মুসলমানদের কুফরি বলছেন। এ ধরনের রাজনীতি তারা প্রত্যাখ্যান করেন।
ঢাকা-১২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল আলম বলেন, যারা ভারতের সমর্থনে দেশ শাসন করতে চায়, এমন বাংলাদেশ তারা চান না। তিনি বলেন, যে দেশে হত্যা হয়, সে রকম বাংলাদেশ নয়—বরং তরুণ-যুবক ও যুবতীরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, এমন একটি নতুন বাংলাদেশ গড়তে চান তারা।
বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, তারা নির্বাচনকে ভয় পায় বলেই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দিয়েছে।
সবশেষে তিনি সবাইকে আহ্বান জানান, নতুন, স্বাধীন, সার্বভৌম, চাঁদাবাজমুক্ত ও দখলবাজমুক্ত একটি স্বাবলম্বী বাংলাদেশ গড়ে তুলতে। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে সুখী, সমৃদ্ধ এবং ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ।