বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিজ দেশের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য সরকার। সম্ভাব্য রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তাজনিত ঝুঁকির কথা বিবেচনায় নিয়ে এ সতর্কতা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) যুক্তরাজ্যের ফরেন অফিস প্রকাশিত সতর্কবার্তায় জানানো হয়, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে দেশজুড়ে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে, ফলে রাজনৈতিক সভা-সমাবেশ ও র্যালির সংখ্যা বাড়তে পারে। এতে বড় ধরনের জনসমাগম, নিরাপত্তা বাহিনীর বাড়তি তৎপরতা এবং যান চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।
এ পরিস্থিতিতে বাংলাদেশে অবস্থানরত বা ভ্রমণের পরিকল্পনা করা ব্রিটিশ নাগরিকদের চলাচলের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি সম্ভাব্য বিঘ্ন এড়াতে বিকল্প পরিকল্পনা প্রস্তুত রাখার কথাও বলা হয়েছে।
নির্বাচনী পরিস্থিতির পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও বিশেষ নির্দেশনা দিয়েছে যুক্তরাজ্য সরকার। নিয়মিত সহিংসতা ও অপরাধমূলক ঘটনার প্রতিবেদনের কারণে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে দুর্গম এলাকাগুলোতে ঝুঁকি তুলনামূলকভাবে বেশি বলে সতর্ক করা হয়েছে।
সতর্কবার্তায় আরও বলা হয়, সরকারি ভ্রমণ নির্দেশনা অমান্য করে ঝুঁকিপূর্ণ এলাকায় গেলে ভ্রমণ বিমা বাতিল হতে পারে। এছাড়া যেসব এলাকায় ভ্রমণে নিষেধাজ্ঞা রয়েছে, সেখানে ব্রিটিশ নাগরিকদের জরুরি সহায়তা দেওয়ার সক্ষমতাও সীমিত থাকবে বলে জানিয়েছে যুক্তরাজ্য সরকার।