কোনাবাড়ীতে পোশাক শ্রমিক–পুলিশ সংঘর্ষ, কারখানা বন্ধ

  • আপডেটের সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ৮ দফা দাবিতে আন্দোলনরত একটি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে শিল্প পুলিশের অন্তত ১০ সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে কোনাবাড়ী এলাকার যমুনা ডেনিমস লিমিটেড কারখানার সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, তাদের উত্থাপিত ৮ দফা দাবি কারখানা কর্তৃপক্ষ মানেনি। উল্টো পুলিশ ডেকে এনে শ্রমিকদের ওপর টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এতে প্রায় অর্ধশতাধিক শ্রমিক আহত হন বলে তারা দাবি করেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি। পরে বেলা ১১টার দিকে কারখানার মূল ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ টাঙিয়ে দেওয়া হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, শ্রমিকরা হঠাৎ করে সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন। এ সময় তারা পুলিশের সঙ্গে উশৃঙ্খল আচরণ করেন এবং ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় নিয়ে কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে।

গাজীপুর শিল্প পুলিশ-২, কোনাবাড়ী জোনের পরিদর্শক মো. মোর্শেদ জামান বলেন, উশৃঙ্খল শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com