রিটার্ন টিকিট না কেটেই বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দেশ ছাড়ছেন—এমন গুঞ্জন গতকাল রোববার বিকেল থেকেই ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে কয়েকটি সংবাদমাধ্যম প্রতিবেদন প্রকাশ করলে শুরুতে তা নাকচ করেন বুলবুল। তিনি দাবি করেন, বিসিবিতে কাজের চাপ থাকায় আপাতত বিদেশ যাওয়ার কোনো পরিকল্পনা নেই।
তবে দিনের শুরুতে অস্বীকার করলেও শেষ পর্যন্ত মধ্যরাতে দেশ ছেড়েছেন বিসিবি সভাপতি। বিমানবন্দর সূত্রের বরাতে জানা গেছে, রোববার গভীর রাতে তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। দেশীয় সংবাদমাধ্যম ডেইলি সান তাদের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
ডেইলি সানের প্রতিবেদনে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে বুলবুলের শিগগির দেশে ফেরার সম্ভাবনা কম। যদিও এ বিষয়ে বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বুলবুলের দেশ ছাড়ার সময়টি এমন এক পর্যায়ে এসেছে, যখন দেশের ক্রিকেটাঙ্গন নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বিশ্বকাপ ইস্যুতে দীর্ঘদিন ধরেই উত্তপ্ত ছিল পরিস্থিতি। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশের অবস্থানের কারণে আইসিসি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয়।
এর পাশাপাশি সদ্য সমাপ্ত বিপিএলে এক বিসিবি পরিচালকের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। একই সময়ে একজন পরিচালক পদত্যাগ করেছেন এবং আরও দুজন শিগগির পদত্যাগ করতে পারেন—এমন গুঞ্জনও রয়েছে। সব মিলিয়ে দেশের ক্রিকেট প্রশাসনে অস্থিরতার মধ্যেই বিসিবি সভাপতির বিদেশ যাত্রা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
এর আগে রোববার স্টার নিউজকে দেওয়া এক ফোনালাপে বুলবুল বলেছিলেন, তিনি সারাদিন অফিসে কাজ করেছেন এবং সামনে আরও কাজ রয়েছে। তিনি সেসব প্রতিবেদনকে ‘ফলস নিউজ’ আখ্যা দিয়ে বলেন, ভুয়া খবর কাজের গতি ব্যাহত করে।
তবে সেই বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই তার দেশ ছাড়ার তথ্য সামনে আসে। বিমানবন্দর সূত্র জানিয়েছে, তিনি সাধারণত দুই সপ্তাহের জন্য অস্ট্রেলিয়া যান, যদিও এবার তার ফেরার সময়সূচি নিশ্চিত নয়।