পশ্চিম থেকে উত্তর জাপানজুড়ে জাপান সাগর তীরবর্তী এলাকায় শুক্রবার পর্যন্ত ভারী তুষারপাতের আশঙ্কা থাকায় সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ। আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন, তুষারপাতের প্রভাব শুধু পাহাড়ি অঞ্চলেই সীমাবদ্ধ নাও থাকতে পারে; প্রশান্তমহাসাগরের তীরবর্তী কিছু সমতল এলাকাতেও তুষার পড়ার সম্ভাবনা রয়েছে।
জাপান আবহাওয়া এজেন্সির তথ্য অনুযায়ী, জাপান দ্বীপপুঞ্জের আশপাশে অবস্থানরত একটি শক্তিশালী শীতকালীন চাপ বলয় জাপান সাগরের দিকের অঞ্চলে প্রবল ঠান্ডা বাতাস ও ভারী তুষারপাত বয়ে আনছে। এর ফলে বিভিন্ন এলাকায় স্বাভাবিকের তুলনায় বেশি তুষার জমতে পারে।
সংস্থাটি জানায়, শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নিইগাতা জেলা ও হোকুরিকু অঞ্চলে সর্বোচ্চ ৭০ সেন্টিমিটার, কিনকি অঞ্চলে ৬০ সেন্টিমিটার এবং তোহোকু অঞ্চলে প্রায় ৫০ সেন্টিমিটার পর্যন্ত নতুন তুষারপাত হতে পারে। এতে সড়ক যোগাযোগ, রেল চলাচল ও দৈনন্দিন জীবনে বড় ধরনের বিঘ্নের আশঙ্কা করা হচ্ছে।
আবহাওয়া কর্মকর্তারা আরও সতর্ক করে বলেছেন, দক্ষিণ কানতো ও তোকাই অঞ্চলের কিছু অংশসহ প্রশান্তমহাসাগরীয় উপকূলের দিকের সমতল এলাকাতেও তুষারপাত হতে পারে। এসব এলাকায় সাধারণত তুষারপাত কম হওয়ায় পরিস্থিতি সামাল দিতে স্থানীয় বাসিন্দাদের বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে।