নরসিংদীর বেলাবো উপজেলায় নিখোঁজের তিন দিন পর একটি ডোবা থেকে আজিমুল কাদের ভূঁইয়া (৪০) নামে এক সাবেক ছাত্রলীগ নেতার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার বাজনাব ইউনিয়নের বীর বাঘবের গ্রামের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত আজিমুল কাদের ভূঁইয়া ওই এলাকার মৃত মান্নান ভূঁইয়ার ছেলে। তিনি বেলাবো উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাজনাব ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি একজন পোল্ট্রি খামার ব্যবসায়ী হিসেবেও পরিচিত ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত ৮টার দিকে নিজ এলাকার পোল্ট্রি খামার থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। এরপর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। নিখোঁজের পরদিন বুধবার নিহতের ভাগিনা উমর ফারুক বাদী হয়ে বেলাবো থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরিবারের সদস্যদের দাবি, নিখোঁজ হওয়ার প্রায় ১৫ দিন আগে আজিমুল কাদের ভূঁইয়া তাঁর খামারের কাজে দুইজন শ্রমিক নিয়োগ দিয়েছিলেন। তাঁদের মধ্যে একজনের নাম রুবেল জানা গেলেও অপরজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আজিমুল নিখোঁজ হওয়ার পর থেকে ওই দুই শ্রমিককেও আর খুঁজে পাওয়া যাচ্ছে না। একই সঙ্গে খামারে থাকা সব মুরগিও উধাও হয়ে গেছে। এসব বিষয় ঘটনায় নতুন রহস্য যোগ করেছে বলে মনে করছেন স্বজনরা।
বৃহস্পতিবার সন্ধ্যার পর স্থানীয় বাসিন্দারা একটি ডোবায় বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে বেলাবো থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে বেলাবো থানার ওসি (তদন্ত) নাসির উদ্দিন জানান, জিডি হওয়ার পর থেকেই পুলিশ নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে তৎপর ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় মরদেহ শনাক্ত করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ ও তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানানো হবে। তদন্ত শেষে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।