আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পাশাপাশি একই দিনে গণভোটও অনুষ্ঠিত হবে। এই গণভোটে সরকারি কর্মকর্তারা ‘হ্যাঁ’ বা ‘না’র পক্ষে কোনো ধরনের প্রচারণা চালাতে পারবেন না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। ইতোমধ্যে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি বিষয়টি জানিয়ে সব রিটার্নিং কর্মকর্তার কাছে নির্দেশনা পাঠিয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, গণভোট অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ২১ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৮৬ অনুযায়ী প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোট বিষয়ে জনগণকে তথ্য দিতে ও সচেতন করতে পারবেন। তবে তিনি গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’র পক্ষে ভোট দেওয়ার জন্য জনগণকে কোনোভাবে আহ্বান জানাতে পারবেন না। কারণ এ ধরনের কার্যক্রম গণভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে, যা গণভোট অধ্যাদেশ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।
চিঠিতে আরও বলা হয়েছে, উল্লিখিত বিধান অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হলো।
এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান, গণভোট অধ্যাদেশ অনুযায়ী সরকারি কর্মকর্তারা কোনো পক্ষের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না। কেউ এ নির্দেশনা অমান্য করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। তিনি বলেন, ঢাকা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, ঢাকা, চট্টগ্রাম ও খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং দেশের সব জেলা প্রশাসকের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।