শেরপুর শহরের একটি ভাড়া বাসা থেকে শাহিনুল ইসলাম (৪০) নামে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি শেরপুর সদর থানায় এএসআই (নিরস্ত্র) হিসেবে কর্মরত ছিলেন। বুধবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে শহরের গৃর্দা নারায়ণপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শাহিনুল ইসলাম জামালপুর সদর উপজেলার টেবিরচর গ্রামের মৃত শামছুল হকের ছেলে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকালে ডিউটি শেষ করে সকাল সাড়ে ৮টার দিকে তিনি বাসায় ফেরেন। পরে বেলা ১১টার দিকে তাঁর স্ত্রী মাকসুদা পারভীন সন্তানকে নিয়ে জামালপুরের নান্দিনা এলাকায় বাবার বাড়িতে যান।
দুপুরের পর থেকে শাহিনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। একাধিকবার ফোন করেও সাড়া না পেয়ে রাতে তাঁর স্ত্রী ও শ্যালক শেরপুরের বাসায় ফিরে আসেন। বাসায় পৌঁছে প্রধান দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে তাঁরা প্রতিবেশীদের সহায়তায় ভেতরে প্রবেশ করেন এবং শাহিনুল ইসলামকে মৃত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং শেরপুর সদর থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, বুধবার দুপুর থেকে রাতের মধ্যে কোনো এক সময় তাঁর মৃত্যু ঘটে।
নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শাহিনুল ইসলাম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। পরিবারের ধারণা, মানসিক অবসাদের কারণেই এ ঘটনা ঘটতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
শেরপুর সদর থানা পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শনসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।