মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় একটি সেতুর নিচে অভিযান চালিয়ে পাকিস্তানের তৈরি একটি রিভলভার ও বৈদ্যুতিক সংযোগযুক্ত একটি বোমাসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী।
মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সেনাবাহিনীর ১১ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক (মানিকগঞ্জের দায়িত্বপ্রাপ্ত) লেফটেন্যান্ট কর্নেল ওয়াসিম আকরাম।
তিনি বলেন, সোমবার রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হরিরামপুর উপজেলার লেছরাগঞ্জ বাজারসংলগ্ন একটি সেতুর নিচে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানে পাকিস্তানের তৈরি একটি রিভলভার, পাঁচটি হাতবোমা, কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র এবং বৈদ্যুতিক সংযোগযুক্ত একটি বোমা উদ্ধার করা হয়।
উদ্ধার করা বৈদ্যুতিক বোমাটি সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিম নিরাপদে ধ্বংস করে। উদ্ধারকৃত অস্ত্র ও অন্যান্য আলামত পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযানে সেনাবাহিনীর ৫৪ জন ও পুলিশের ২১ জন সদস্য অংশ নেন।
লেফটেন্যান্ট কর্নেল ওয়াসিম আকরাম বলেন, যৌথবাহিনী সর্বোচ্চ পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে অভিযানটি সম্পন্ন করেছে। যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে তারা সর্বদা প্রস্তুত রয়েছে।
তিনি আরও জানান, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট আয়োজনের লক্ষ্যে যৌথবাহিনী সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে। নির্বাচনকে ঘিরে মানিকগঞ্জ জেলায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, মহরম আলী ও আব্দুল্লাহ আল মামুনসহ সেনাবাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।