দেশের টেলিযোগাযোগ খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। প্রতিষ্ঠানটির পরিচালনায় ‘মোবাইল ভার্চ্যুয়াল নেটওয়ার্ক অপারেটর’ (এমভিএনও) সিম সফলভাবে চালু হয়েছে। এর মাধ্যমে দেশে প্রথমবারের মতো বিটিসিএলের এমভিএনও সেবা বাস্তবায়নের গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হলো।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এই সেবার আওতায় ভয়েস কল ও ডাটা কলসহ প্রয়োজনীয় সব কারিগরি কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা হয়। সিস্টেম প্রভিশনিং, অ্যাক্টিভেশন এবং কল টেস্টে প্রত্যাশিত ফলাফল পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিমটি সম্পূর্ণভাবে সচল হয়েছে। এর আওতায় ভয়েস কল, ডাটা সেবা, ‘আলাপ’ থেকে মোবাইল নেটওয়ার্ক সংযোগ, ‘আলাপ টু আলাপ’ কল এবং জিপন (GPON) ইন্টিগ্রেশন—এই চারটি গুরুত্বপূর্ণ ইভেন্টের প্রভিশনিং সফলভাবে সম্পন্ন হয়েছে। একই সঙ্গে সব ধরনের কল টেস্টও সফলভাবে শেষ হয়েছে।
ফয়েজ আহমদ তৈয়্যব আরও জানান, মঙ্গলবার দুপুরে বিটিসিএলের গুলিস্তান ও রমনা কার্যালয়ে সরেজমিনে প্রভিশনিং, অ্যাক্টিভেশন এবং টেস্ট কল কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়েছে। সব প্রস্তুতি সন্তোষজনকভাবে সম্পন্ন হওয়ায় আগামী ৮ ফেব্রুয়ারি থেকে বিটিসিএল এমভিএনও সেবার ‘লাইভ পাইলট’ কার্যক্রম শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত বছরের ২৫ নভেম্বর বিটিসিএলকে পরীক্ষামূলকভাবে এমভিএনও নেটওয়ার্ক চালুর অনুমোদন দেওয়া হয়েছিল। আধুনিক এই প্রযুক্তি চালুর মাধ্যমে গ্রাহকসেবার মান উন্নয়ন এবং টেলিযোগাযোগ খাতে রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানের সক্ষমতা আরও এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।