ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন মারা গেছেন। শনিবার সকাল ৯টার দিকে দিনাজপুর জেলা কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৯টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। দিনাজপুর জেলা কারাগারের জেলার ফরহাদ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
কারা কর্তৃপক্ষ জানায়, শনিবার সকালে কারাগারে থাকা অবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাঁকে ব্রট ডেথ ঘোষণা করেন। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ রানা জানান, সকাল ৯টা ২৯ মিনিটে চিকিৎসক অনুপম পাল তাঁকে মৃত ঘোষণা করেন।
রমেশ চন্দ্র সেনের জন্ম ১৯৪০ সালের ৩০ এপ্রিল ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নে। তাঁর বাবার নাম ক্ষিতীন্দ্র মোহন সেন এবং মায়ের নাম বালাশ্বরী সেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।
দিনাজপুর জেলা কারাগারের জেলার ফরহাদ সরকার বলেন, গত ১৭ আগস্ট রমেশ চন্দ্র সেনকে দিনাজপুর জেলা কারাগারে আনা হয়। তিনি ডিভিশনপ্রাপ্ত কয়েদি ছিলেন এবং কারাগারে আনার আগ থেকেই বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। শনিবার সকালে হঠাৎ তাঁর অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয়, সেখানেই তিনি মারা যান।
রমেশ চন্দ্র সেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উপদেষ্টা পদে ছিলেন। তিনি ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত পানিসম্পদমন্ত্রীর দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৭ সালের ১৮ ফেব্রুয়ারি উপনির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর গত ১৭ আগস্ট নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হলো।