আ. লীগ অফিসের তালা খুলে বিএনপি প্রার্থী ভুল কাজ করেননি : মাসুদ কামাল

  • আপডেটের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ–এর পঞ্চগড়ের চাকলাহাট ইউনিয়ন কার্যালয়ের তালা খুলে দেওয়ার ঘটনায় পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান ভুল করেননি বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল। নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন।

মাসুদ কামাল বলেন, এ ঘটনায় আওয়ামী লীগের পুনর্বাসনের কোনো বিষয় নেই এবং এতে আইন অমান্য করা হয়নি। তার ভাষ্য অনুযায়ী, বিষয়টি মানবিক ও রাজনৈতিক সহনশীলতার দৃষ্টিকোণ থেকে দেখা উচিত। তিনি মনে করেন, এ পদক্ষেপকে ইতিবাচক হিসেবেই দেখা যায়।

তালা খুলে দেওয়ার বিরোধিতা করা এক জাসাস নেতার উদ্দেশে তিনি বলেন, বিএনপির শীর্ষ নেতৃত্বের বক্তব্য বিবেচনায় নেওয়া প্রয়োজন। তিনি উল্লেখ করেন, নির্বাচনে জয়ী হওয়ার পর তারেক রহমান বলেছেন—পরাজিতরা যদি বিজয়ীদের কাছে নিরাপদ বোধ করে, তবেই বিজয়ের আনন্দ মহিমান্বিত হয় এবং প্রতিশোধপরায়ণ না হওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি আরও বলেন, দেশের রাজনীতি এগিয়ে নিতে হলে জাতীয় ঐক্য প্রয়োজন। প্রতিহিংসা ও বিভাজনের রাজনীতি দেশকে পিছিয়ে দেয় বলে মন্তব্য করেন তিনি। অতীতে যে ভুলের কারণে আওয়ামী লীগ আজ সংকটে পড়েছে, সেই পথে না হাঁটারও আহ্বান জানান মাসুদ কামাল।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও আবু দাউদ প্রধানকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, জাতিকে ঐক্যবদ্ধ করার যে আকাঙ্ক্ষা তাদের মধ্যে দেখা যাচ্ছে, তা দেশের জন্য আশাব্যঞ্জক।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com