অন্য সংগঠনের শিক্ষার্থীরা হলে উঠতে গেলেই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির–এর নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীর ব্যানারে মব তৈরি করে বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবদুল কাদের। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ তোলেন।
তিনি দাবি করেন, ছাত্রশিবির আবারও তাদের পুরোনো রাজনৈতিক কৌশলে ফিরে যেতে বাধ্য হবে, কারণ গত দেড় বছরে তাদের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে তারা চাপে রয়েছে। কাদেরের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বিভিন্ন ক্যাম্পাসে সংগঠনটি এক ধরনের দখলদারিত্ব প্রতিষ্ঠা করেছে এবং আবাসিক হলগুলোতে নিজেদের কমিটি সক্রিয় রেখেছে। অন্য সংগঠনের সদস্যরা হলে উঠতে গেলে রাতের বেলায় সাধারণ শিক্ষার্থীর পরিচয়ে মব তৈরি করা হয় বলেও তিনি উল্লেখ করেন।
অনলাইনে সংগঠনটির কার্যক্রম নিয়েও সমালোচনা করেন তিনি। তার দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে শিবিরের কর্মীদের আচরণ ও বিভিন্ন অভিযোগজনক কর্মকাণ্ড পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে। এসব কারণে তারা নিজেদের অবস্থান আড়াল করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন কাদের।
পোস্টে তিনি আরও বলেন, পরিস্থিতি মোকাবিলায় শিবির নাকি অন্য সংগঠনগুলোকে ব্যবহার করার চেষ্টা করতে পারে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট সংগঠনগুলোর সিদ্ধান্তই চূড়ান্ত হবে বলে উল্লেখ করেন তিনি।