জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন থেকে গতকাল শনিবার পর্যন্ত বিএনপি এবং কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় এনসিপির প্রায় এক হাজার নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় রাজধানীর কল্যাণপুরে বেসরকারি হাসপাতাল ইবনে সিনায় চিকিৎসাধীন আহত নেতাকর্মীদের দেখতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।
তিনি দাবি করেন, নির্বাচনের দিন নোয়াখালীর হাতিয়ায় বিএনপির নেতাকর্মীদের হামলায় এনসিপির বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন এবং তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের শর্তে তাদের সমর্থন নিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে এবং দুই দলের মধ্যে সমঝোতা হয়েছে বলেও দাবি করেন।
আসিফ মাহমুদ বলেন, ভিন্নমতের জনগণের ওপর দমন-পীড়ন চালানো হচ্ছে এবং এই পরিস্থিতি বিএনপি উপভোগ করছে। তিনি বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেন, সন্ত্রাসীদের দমন করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। অন্যথায় পরিস্থিতির পরিণতি ভালো হবে না বলেও সতর্ক করেন তিনি।
এনসিপির মুখপাত্র আরও বলেন, আওয়ামী লীগের শাসনামলে ভোট কারচুপির নির্বাচনের পর যেভাবে সহিংসতা দেখা যেত, বর্তমান পরিস্থিতিতেও তেমন তাণ্ডব লক্ষ্য করা যাচ্ছে। তিনি উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানের পর সারাদেশে ভিডিও বার্তার মাধ্যমে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছিলেন এবং দলীয় নেতাকর্মীরা মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করেছে।
নতুন সরকারের শপথ অনুষ্ঠান প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে ভারত বড় বাধা বলে তার দল মনে করে। তাই নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ না জানানো উচিত বলেও মন্তব্য করেন তিনি।