ভোলায় যুবলীগের নেতাকে কুপিয়ে হত্যা

  • আপডেটের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

ভোলার চরফ্যাশন উপজেলায় আবদুর রহিম নামে যুবলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার রাত ১০টার দিকে শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কলেরহাট রাস্তার মাথায় এ ঘটনা ঘটে। নিহত আবদুর রহিম (৪৫) ওই ইউনিয়নের মৃত আখতারুজ্জামানের ছেলে এবং ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, হত্যার আগের দিন তার ছেলে আমির হোসেনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। এ ঘটনায় জড়িতরা ভোলা-৪ আসনে বিজয়ী বিএনপির প্রার্থী নুরুল ইসলাম নয়নের অনুসারী বলে দাবি করেছেন স্থানীয়রা। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কেউ মন্তব্য করতে রাজি হননি। শশীভূষণ থানা যুবলীগের আহ্বায়ক মো. ফারুক হোসেন বলেন, হত্যাকাণ্ডে কারা জড়িত তা স্থানীয়দের জানা আছে।

পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, আবদুর রহিমের পরিবারের বেশিরভাগ সদস্য বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। স্থানীয় বিএনপিতে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ রয়েছে। আবদুর রহিমের ভাই মফিজুল ইসলাম বলেন, তাদের পরিবারের সদস্যরা বিএনপির সমর্থক হলেও আবদুর রহিম আওয়ামী লীগকে সমর্থন করতেন, যদিও তিনি সক্রিয় রাজনীতিতে ছিলেন না। জীবিকা নির্বাহের জন্য তিনি মাটি কাটার কাজ ও পশুপালন করতেন।

স্বজনদের দাবি, নির্বাচনের আগে স্থানীয় কয়েকজন জোর করে আবদুর রহিমের দুটি খাসি জবাই করে খেয়ে ফেলেন। এ ঘটনার প্রতিবাদ করলে প্রথমে তার ছেলেকে মারধর করা হয়। পরে এ নিয়ে বিরোধের জেরে শনিবার রাতে তাকে কুপিয়ে হত্যা করা হয়। নিহতের মেয়ে বিবি রহিমা জানান, রাতের দিকে দোকানে চা পান শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তার বাবার ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক দফতর সম্পাদক কামাল গোলজার বলেন, ঘটনাটি রাজনৈতিক নয়; মাদক ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে এটি ঘটেছে। শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, খাসি খাওয়া ও মাদক কেনাবেচা নিয়ে বিরোধের জেরেই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com