প্রায় দেড় বছর পর রাজধানীর ধানমণ্ডিতে অবস্থিত আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও শেখ মুজিবুর রহমান-এর ছবি রেখে স্লোগান দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগ-এর একদল নেত্রী। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ধানমণ্ডি ৩/এ সড়কের ৫১ নম্বর বাড়ির সামনে সংগঠনটির ১০ থেকে ১২ জন নেতাকর্মীকে অবস্থান নিতে দেখা যায়। কিছু সময় স্লোগান দেওয়ার পর তারা স্থান ত্যাগ করেন।
২০০২ সাল থেকে ভবনটি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। তিনতলা এই ভবনে দলীয় সভাপতি, সাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদক ও সভাপতিমণ্ডলীর সদস্যদের জন্য পৃথক কক্ষ ছিল। দ্বিতীয় তলায় দলের মুখপত্র ‘উত্তরণ’-এর কার্যালয় এবং তৃতীয় তলায় নির্বাচন পরিচালনা কমিটির কার্যক্রম চলত। শুরুতে ভাড়া নেওয়া হলেও ২০০৯ সালে দলটি রাষ্ট্রক্ষমতায় এলে ভবনটি ক্রয় করা হয়। পরে ২০১৪ সালে টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর পাশের দুটি চারতলা ভবন কিনে কার্যালয়ের পরিসর বাড়ানো হয়, যা বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে নিবন্ধিত ছিল।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর উত্তেজিত জনতা ধানমণ্ডির বিভিন্ন স্থাপনার পাশাপাশি এই কার্যালয়েও ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। এরপর দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা পোড়া ভবনে স্থানীয় কিছু লোকজনের আনাগোনা দেখা যায় এবং মাঝে মধ্যে পাহারার ব্যবস্থাও করা হয়।
অভ্যুত্থানের পক্ষের বিভিন্ন সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতে গত বছর মে মাসে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর সব ধরনের কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা আরোপ করে। সেই নিষেধাজ্ঞার আওতায় যুব মহিলা লীগের কার্যক্রমও বন্ধ রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করেই শুক্রবার সকালে সংগঠনটির কয়েকজন নেত্রী সেখানে উপস্থিত হয়ে বঙ্গবন্ধুর ছবি ও জাতীয় পতাকা হাতে স্লোগান দেন বলে জানা গেছে।